
নয়াদিল্লি, ১৫ অক্টোবর : ৩৩ হাজারেরও বেশি দিল্লিবাসী বেদান্ত দিল্লি হাফ ম্যারাথন অংশ নিয়ে ফিট থাকার বার্তা দিল। রবিবার সকাল সাড়ে ৫টায় নয়াদিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এই হাফ ম্যারাথনের সূচনা হয়।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর পতাকা দেখিয়ে ম্যারাথনের সূচনা করেন। এই উপলক্ষে, লেফটেন্যান্ট গভর্নর জানান, দিল্লি হাফ ম্যারাথন এখন একটি বিশ্বব্যাপী প্রতিযোগিতার রূপ নিয়েছে। গতবছর এই প্রতিযোগিতায় ২৬ হাজার মানুষ অংশগ্রহণ করেছিল। কিন্তু এবার অংশ নেন ৩৩ হাজার মানুষ। এরমধ্যে বেশিরভাগই দিল্লি ও সীমান্তবর্তী রাজ্যের মানুষ। এই ম্যারাথনের অংশগ্রহণের ফলে দিল্লিবাসীর কাছে বার্তা যায় যে মানুষ এখন তাদের স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন হচ্ছে। এই ইভেন্টে শিশু, যুবক, বৃদ্ধ এবং সব বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। দিল্লি বেদান্ত হাফ ম্যারাথনের অধীনে অনেক ধরনের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২১.০২ কিলোমিটারের দৌড় তিনঘন্টা ৩০ মিনিটে শেষ করতে হয়েছিল।
এবারের হাফ ম্যারাথন প্রতিযোগিতায় জয়ী হয়েছেন কেনিয়ার ড্যানিয়েল অ্যাবিয়ানো। ভারতীয় দৌড়বিদদের মধ্যে, অভিষেক, কার্তিক এবং সাওয়ান প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে। এরসঙ্গে ৯০ মিনিটে ১০ কিলোমিটার দৌড় সম্পূর্ণ করার জন্য একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এই প্রতিযোগিতার পাশাপাশি, হাজার হাজার মানুষ যারা নিয়মিত ব্যায়াম করেন তারাও ফিটনেসের বার্তা ছড়িয়ে দিতে ছুটে যান। দৌড়টি জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে শুরু হয়ে ভীষ্ম পিতামাহ মার্গ, লোধি রোড, অরবিন্দ মার্গ, মথুরা রোড, সি-হেক্সাগন, ইন্ডিয়া গেট, ডঃ জাকির হুসেন মার্গ হয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে শেষ হয়। এই প্রতিযোগীতার জন্য সকাল ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত এইসব রুটে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। রাজধানী দিল্লিতে রবিবার সকালটা ছিল খুবই মনোরম। দিল্লিবাসী এদিন রাজ্যবাসীকে স্বাস্থ্য সচেতন হওয়ার বার্তা দেয়।
