রাজৌরি, ২ অক্টোবর : জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার কালাকোটে সোমবার নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে এনকাউন্টার শুরু হয়েছে। উভয় পক্ষের মধ্যে গুলিবর্ষণ জারি রয়েছে।
সোমবার, নিরাপত্তা বাহিনী একটি ড্রোনের মাধ্যমে রাজৌরি জেলার কালাকোটের তাত্ত্বাপানি এলাকায় তিন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে। এর পরেই পুলিশ, সেনা ও সিআরপিএফ কর্মীরা পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনীর কর্মীদের এগিয়ে আসতে দেখে ওই এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা গুলি চালায়। নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেওয়ার পর এনকাউন্টার শুরু হয়। কালাকোটের খড়গালা থেকে তাত্ত্বাপানি পর্যন্ত আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনী স্থানীয় মানুষজনকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছে।
