
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি : প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা-সহ গোটা উত্তর ভারত। রবিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস। তারমধ্যে ঘন কুয়াশার দাপটে ব্যাহত হচ্ছে দিল্লি-সহ উত্তর ভারতের স্বাভাবিক জনজীবন। সড়কপথ, রেল এবং বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে গত কয়েকদিন ধরে। রবিবার দিল্লিতে কুয়াশার জেরে দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, দিল্লি ছাড়াও অমৃতসর, চণ্ডীগড়, অম্বালা, গঙ্গানগর, পালম, সফদরজং এবং লখনউয়ে দৃশ্যমানতা শূন্যে ঠেকেছে। দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, রাজস্থান এবং বিহারে আগামী কয়েক দিন ঠান্ডা এবং কুয়াশার দাপট আরও বাড়বে। আগামী ৪-৫ দিন গোটা উত্তর ভারত ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকার সম্ভাবনা রয়েছে। আগামী চার দিন দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে শৈত্যপ্রবাহ থেকে অতি শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
