
নয়াদিল্লি, ১৯ মার্চ : আবারও বায়ুদূষণ তালিকার শীর্ষস্থানে উঠে এল দিল্লি। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এর সাম্প্রতিকতম রিপোর্টে উঠে এল এমনই তথ্য। রিপোর্ট অনুযায়ী, ১৩৪টি দেশের মধ্যে দ্বিতীয়তে রয়েছে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় স্থানাধিকারী বাংলাদেশের ঢাকা। পাশাপাশি নেপালের কাঠমান্ডু চতুর্থ, থাইল্যান্ডের চিয়াংমাই শহর পঞ্চম স্থান দখল করেছে।
এবারে আবার উঠে এসেছে বিহারের বেগুসরাই শহরের নাম। ২০২২ সালে এই শহর দূষণের তালিকায় কোনও জায়গায় ছিল না, কিন্তু জানা গেছে, ২০২৩-এ ১১৮.৯ মাইক্রোগ্রাম দূষণকারী কণা রয়েছে পিএম ২.৫ ঘনত্ব প্রতি ঘনমিটারে।
উল্লেখ্য, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
