
নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি : সশস্ত্র বাহিনীতে অগ্নিবীরদের নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্পকে চ্যালেঞ্জ সংক্রান্ত সমস্ত আবেদনগুলি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। সোমবার দিল্লি হাইকোর্ট অগ্নিপথ প্রকল্পকে চ্যালেঞ্জ সংক্রান্ত সমস্ত আবেদন খারিজ করার সময় বলেছে, হস্তক্ষেপ করার মতো কোনও কারণ নেই। দিল্লি হাইকোর্ট এদিন সমস্ত আবেদন খারিজ করে দিয়ে বলেছে, এই প্রকল্প জাতীয় স্বার্থে করা হয়েছে এবং সশস্ত্র বাহিনীকে আরও ভালভাবে সজ্জিত করতেই এই প্রকল্প।
প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদের একটি বেঞ্চ বলেছে, এই প্রকল্পে হস্তক্ষেপ করার মতো কোনও কারণ নেই। উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর আদালত এ বিষয়ে রায়দান সংরক্ষিত রেখেছিল। অগ্নিপথ প্রকল্প অনুযায়ী, যাদের বয়স ১৭ এবং ২১ বছরের মধ্যে তারা আবেদন করার যোগ্য এবং তাদের চার বছরের মেয়াদের জন্য অন্তর্ভুক্ত করা হবে। এই প্রকল্প ঘোষিত হওয়ার পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়েছিল।
