Country

3 years ago

Punjab Mail : রেললাইনে ফাটল! বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া-অমৃতসরগামী পঞ্জাব মেল

Punjab Mail
Punjab Mail

 

অমৃতসর, ৮ ফেব্রুয়ারি : রেললাইনে বড় ফাটল! আর কিছুক্ষণের মধ্যেই ওই রেললাইন দিয়ে যাওয়ার কথা ছিল হাওড়া-অমৃতসরগামী পঞ্জাব মেলের। বুধবার সকালে উত্তরপ্রদেশের গাজীপুর জেলার জামাইয়া শহরের কাছে স্থানীয় যুবক এবং এক রেলকর্মীর তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া-অমৃতসরগামী পঞ্জাব মেল।

রেল ও স্থানীয় সূত্রে খবর, গাজীপুরের জামানিয়া স্টেশনের তিন কিলোমিটার আগে গদাহিন গ্রামের কাছে রেললাইনে একটি ফাটল লক্ষ করেন নাসিম নামে এক জন স্থানীয় যুবক। লাইনে ফাটল লক্ষ করে তিনি বুঝতে পারেন, যে ট্রেন এই লাইন দিয়ে যাবে তা বড় দুর্ঘটনার মুখোমুখি হতে চলেছে। এর পরই ওই প্রত্যক্ষদর্শী স্থানীয় রেল গ্যাংম্যানকে পুরো বিষয়টি জানান। যুবকের কথা শুনে ঘটনাস্থলে পৌঁছন রেলের ওই কর্মী। তখন বিহারের বক্সার ছেড়ে জামানিয়া রেলওয়ে স্টেশনের দিকে দ্রুতগতিতে ছুটে আসছিল পঞ্জাব মেল।

দু’জনে মিলে তৎক্ষণাৎ একটি লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামানোর চেষ্টা করেন। পাশাপাশি, নাসিম এবং রেলের গ্যাংম্যান হাত নেড়ে চিৎকার করতেও শুরু করেন। পঞ্জাব মেলের চালক তাঁদের দেখে গতি কমান। তবে ততক্ষণে ওই ফাটলের উপর দিয়ে ট্রেনের একটি অংশ অতিক্রম করে ফেলেছে। এর পর ট্রেন থামিয়ে বেরিয়ে আসেন রেলের চালক। ফাটল দেখে রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। ফাটল সারানোর পর আবার ট্রেন অমৃতসরের উদ্দেশে রওনা দেয়।

You might also like!