
তিরুবনন্তপুরম, ২০ ডিসেম্বর : করোনার নতুন উপরূপ জেএন.১ নতুন করে চিন্তা বাড়াচ্ছে ভারতে। কেরলে এই উপরূপের বাড়বাড়ন্ত অব্যাহত রয়েছে। মঙ্গলবার সারাদিনে কেরলে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৯২ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের। সবমিলিয়ে বুধবার সকাল আটটা পর্যন্ত কেরলে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২০৪১।
করোনা ভাইরাসের নতুন উপরূপ জেএন.১-এর সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে দানা বেঁধেছে আতঙ্ক। চিনে ইতিমধ্যে অন্তত সাত জনের শরীরে ভাইরাসের নতুন উপরূপের সন্ধান পাওয়া গিয়েছে। কেরলেও এই নতুন উপরূপের সংক্রমণে মৃত্যু বাড়ছে। বিগত ২৪ ঘন্টাতেই মৃত্যু হয়েছে ৩ জনের ও ২৯২ জন আক্রান্ত হয়েছেন। তবে, করোনার এই নতুন উপরূপ নিয়ে ভয় না পাওয়ার কথাই বলেছেন স্বাস্থ্য কর্তারা।
