
চামোলি, ১২ মে: রবিবার বদ্রীনাথ ধাম মন্দিরের দরজা খুলে গিয়েছে। এই নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, শ্রীবদ্রীনাথ ধামের দরজা খুলেছে, আমরা সমস্ত ভক্তদের স্বাগত জানাই। আমাদের চেষ্টা থাকবে এ যাত্রায় যেন কারও কোনো অসুবিধা না হয়, সফরটা যেন সুশৃঙ্খলভাবে হয়। এখানে আসার নিয়মকানুন, বুকিং, রেজিস্ট্রেশন, আবহাওয়া-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিয়ে সবাইকে যাত্রা শুরুর অনুরোধ করছি।
প্রসঙ্গত, রবিবার সকালে সম্পূর্ণ আনুষ্ঠানিকতা ও বৈদিক মন্ত্রোচ্চারণ এর মাধ্যমে খুলে যায় বদ্রীনাথ মন্দিরের দরজা। দরজা খোলার পরে ভক্তরা এদিন শ্রীবদ্রীনাথধামে ভিড় করেন। ''''বদ্রী বিশাল লাল কি জয় '''' বলে জয়ধ্বনি দেন তাঁরা।
উল্লেখ্য, এর আগে শুক্রবার অক্ষয় তৃতীয়ায় ভক্তদের জন্য খুলে গেছে উত্তরাখণ্ডের কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দিরের দরজা। প্রতিবছর শীতের শুরুতেই বন্ধ হয়ে যায় মন্দিরগুলি। আবার গ্রীষ্মকাল এলেই পুণ্যার্থীদের জন্য খোলা হয় মন্দিরের দ্বার।
