
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর, সোমবার। তার আগে ১৭ সেপ্টেম্বর, রবিবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে কেন্দ্রের তরফে। রবিবার বিকেল ৪.৩০ মিনিট নাগাদ সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে সমস্ত দলের নেতাদের ই-মেইল মারফত আমন্ত্রণ জানানো হয়েছে আগেই।
সেপ্টেম্বরের ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত বসছে সংসদের বিশেষ অধিবেশন। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর মাত্র ৫ দিনের জন্য বসতে চলেছে সংসদের এই বিশেষ অধিবেশন। অমৃতকালে এই অধিবেশন ফলপ্রসূ হবে বলেই আশা প্রকাশ করেছে শাসকদল। বিরোধী দলের কাছে কেন্দ্রের আশা, তাঁরা ফলপ্রসূ আলোচনা ও বিতর্কে অংশ নেবেন। শোনা যাচ্ছে, ১৮ সেপ্টেম্বর পুরানো বিল্ডিংয়ে বসবে সংসদের বিশেষ অধিবেশন। এরপর ১৯ সেপ্টেম্বর নতুন ভবনে স্থানান্তর হবে সংসদের বিশেষ অধিবেশন।
সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনে সংসদীয় রাজনীতির ৭৫ বছর উপলক্ষ্যে স্মৃতি-অভিজ্ঞতা এবং শিক্ষা নিয়ে আলোচনা হওয়ার কথা। এই অধিবেশনেই মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত নতুন বিল পেশ করা হতে পারে। এছাড়াও অ্যাডভোকেট সংশোধনী বিল, প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিকালস বিল এই অধিবেশনে লোকসভায় তোলা হতে পারে। উল্লেখ্য, রাজ্যসভায় পেশ করা পোস্ট অফিস বিলটিও এই অধিবেশনে লোকসভায় আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
