পাটনা, ২১ সেপ্টেম্বর : মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর মতে, কেন্দ্রীয় সরকারের কোনও লক্ষ্য নেই, শুধু জনগণকে বোকা বানানো হচ্ছে। মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে বৃস্পতিবার তেজস্বী যাদব বলেছেন, "কেন্দ্রীয় সরকারের কোনও লক্ষ্য নেই এবং জনগণকে বোকা বানানো হচ্ছে। আমি এমন কোনও বিল দেখিনি যেটি আজ পাশ হচ্ছে, কিন্তু ১০ বছর পরে বাস্তবায়িত হবে।"
তেজস্বী যাদব আরও বলেছেন, "অনগ্রসর মহিলা এবং সংখ্যালঘু মহিলাদের জন্যও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। আদমশুমারি ও সীমানা নির্ধারণের পর এটি বাস্তবায়ন হবে, তাই কবে কার্যকর হবে তা কেউ জানে না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব মহিলারা এর সুবিধা পান। আমাদের দাবি একটি জাতিগত শুমারিও করা হোক। প্রধানমন্ত্রী মোদী এর মাধ্যমে একটি নতুন 'জুমলা' নিয়ে এসেছেন, কিন্তু অনগ্রসর শ্রেণী এবং সংখ্যালঘুদের জন্য কোনও সংরক্ষণ নেই এবং এটি ২০২৯ সালে কার্যকর হবে। ওবিসি মানুষজন এই সব দেখছেন এবং তাঁরা জানেন কিভাবে নিজেদের অধিকার পেতে হয়।"
