
শ্রীনগর, ৩১ ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, ওই গাড়িতে থাকা একজন যাত্রী আহত হয়েছেন। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে কাঠুয়া জেলার বানি এলাকায়। পুলিশ জানিয়েছেন, বানি-বসোলি সড়ক থেকে যাওয়ার সময় গেরা অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় জেকে ০২ বি আর ৫৮৩৪ নম্বরের একটি গাড়ি।
অনেক নীচে খাদে গাড়িটি পড়ে যাওয়ায় দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের, একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মৃতরা হলেন-অজয়, মোহন লাল ও কাকু রাম। মোহন লাল ও কাকু রামের বাড়ি ডোডা জেলায়, অজয় বিল্লাওয়ারের বাসিন্দা। স্টেশন হাউস অফিসার জসবিন্দর সিং বলেছেন, একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
