
নয়াদিল্লি, ৮ আগস্ট: বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে লোকসভায় আলোচনার আগে মঙ্গলবার সকালে সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসল বিজেপি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রীরা ও বিজেপির সাংসদরা। সূত্রের খবর, বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে দলের সাংসদদের বিব্রত না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বার্তা দিয়েছেন, ‘‘বিরোধী দল অবিশ্বাসে ভরপুর।"
বিজেপির সংসদীয় দলের বৈঠকের ভিতরে উপস্থিত সূত্র অনুসারে, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, "বিরোধীরা অবিশ্বাসে ভরপুর এবং তা দেখানোর জন্য, তাঁরা অনাস্থা প্রস্তাব এনেছে।" সূত্র আরও যোগ করেছে, প্রধানমন্ত্রী বলেছেন, "কয়েকজন বলেছিল যে রাজ্যসভার ভোট ২০২৪-এর আগে সেমিফাইনাল হবে।" প্রধানমন্ত্রী এই 'সেমিফাইনাল' জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানানো সাংসদদের ধন্যবাদ জানিয়েছেন। সংসদীয় বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, এই 'অহঙ্কারী' জোট একটি অনাস্থা প্রস্তাব এনেছে। আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, আমরা বুঝতে পারছি না কেন তাঁরা অনাস্থা প্রস্তাব আনল।"
এদিকে, লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার আগে এদিন সকালে নিজেদের মধ্যে আলোচনা সেরেছে 'ইন্ডিয়া' জোটও। সকাল দশটা নাগাদ কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গের অফিসে বৈঠকে বসেন সমমনোভাবাপন্ন বিরোধী দলের নেতারা।
