
নয়াদিল্লি, ৮ আগস্ট : আম আদমি পার্টি (আপ)-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, "গুটিকয়েক রাজনৈতিক নেতা মিথ্যা কথা বলতে অভ্যস্ত। সম্ভবত তাঁরা ভুলে গিয়েছেন এসব সংসদে কাজ করে না।"
প্রসঙ্গত, ৪ জন সাংসদ দাবি করেছেন, তাঁদের সম্মতি ছাড়াই দিল্লি এনসিটি সংশোধনী বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাবে তাঁদের নাম উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা বলেছেন, প্রিভিলেজ কমিটি যখন নোটিশ পাঠাবে তখন আমি উত্তর দেব। আপ সাংসদ রাঘব চাড্ডা এই প্রস্তাব উত্থাপন করেছেন।
মঙ্গলবার সকালে সংসদে বিজেপির সংসদীয় দলের বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "হইচই নয়, নিয়ম অনুযায়ী সদন চলে। তাঁরা যত খুশি দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু লোকসভা এবং রাজ্যসভা উভয়েই তাঁদের মুখোশ উন্মোচিত হয়েছে।"
