
লখনউ, ১ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের লখনউতে কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রী কৌশল কিশোরের বাড়িতে যুবককে খুনের অভিযোগ উঠল। গুলি চালিয়ে যুবককে খুনের অভিযোগ উঠেছে মন্ত্রী-পুত্রের বিরুদ্ধে। শুক্রবার ভোরে লখনউয়ের বেগারিয়া গ্রামে মন্ত্রীর বাড়ি থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম বিনয় শ্রীবাস্তব। নিহত যুবক মন্ত্রী-পুত্রের বন্ধু বলে দাবি।
পশ্চিম লখনউয়ের ডিসিপি রাহুল রাজ বলেছেন, "বিনয় শ্রীবাস্তব (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। একটি লাইসেন্স থাকা পিস্তল উদ্ধার করা হয়েছে, যা বিকাশ কিশোরের। তদন্ত জারি রয়েছে। ফরেনসিক দলও এসেছে এবং আমরা সিসিটিভি ভিজ্যুয়ালগুলিও অনুসন্ধান করছি। মৃতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় একটি এফআইআরও নথিভুক্ত করা হয়েছে। শুক্রবার ভোর চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে।
এই ঘটনায় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর বলেছেন, "এটি একটি তদন্তের বিষয়। ফরেনসিক দল এবং পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িত ব্যক্তিকে রেহাই দেওয়া হবে না। আমরা নিহতের পরিবারের সদস্যদের পাশে আছি। আমি জানি না যে সময় ঘটনাটি ঘটেছে, তখন বাড়িতে কে কে ছিল।" পশ্চিম লখনউয়ের ডিসিপি রাহুল রাজ বলেছেন, বৃহস্পতিবার রাতে মোট ৬ জন বিকাশের বাড়িতে এসেছিল, রাতের খাবার খেয়েছিল এবং তারপর ঘটনাটি ঘটেছে। আমরা একটি পিস্তল উদ্ধার করেছি যা বিকাশ কিশোরের বলে জানা গিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।
