
নয়াদিল্লি, ১৪ আগস্ট : ৭৭-তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৯৫৪ জন পুলিশ সদস্যকে 'পুলিশ পদক' প্রদান করা হল। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে, রাষ্ট্রপতির পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি (পিপিএমজি) সিআরপিএফ–এর এক কর্মীকে দেওয়া হয়েছে। ২২৯ জন কর্মীকে বীরত্বের জন্য পুলিশ পদক (পিএমজি), ৮২ জন কর্মীকে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়েছে, ৬৪২ জন কর্মীকে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুলিশ পদক (পিএম) প্রদান করা হয়েছে। পিপিএমজি এবং পিএমজি পুরস্কার জীবন ও সম্পত্তি রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের গ্রেফতারে বীরত্বের পরিচয় দেওয়ার জন্য দেওয়া হয়েছে।
সাহসিকতা এবং সাহসী পদক্ষেপের জন্য মোট ২৩০টি পুরস্কার দেওয়া হয় । এদের মধ্যে নকশাল প্রভাবিত এলাকায় বীরত্বের জন্য ১২৫ জনকে, জম্মু ও কাশ্মীর অঞ্চলে বীরত্বের জন্য ৭১ জনকে এবং উত্তর পূর্ব অঞ্চলে বীরত্বের জন্য ১১ জনকে সম্মানিত করা হয়েছে।
বীরত্ব পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের ২৮ জন, মহারাষ্ট্রের ৩৩ জন, জম্মু ও কাশ্মীরের ৫৫ জন, ছত্তিসগড়ের ২৪ জন, তেলেঙ্গানার ২২ জন এবং অন্ধ্রপ্রদেশের ১৮ জন এবং বাকি রাজ্য/ কেন্দ্র শাসিত রাজ্য এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী অন্তর্ভুক্ত রয়েছে।
