
নয়াদিল্লি, ৩০ মার্চ: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতরত্ন পুরস্কার প্রদান করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এবং পি ভি নরসিমহা রাও, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্পুরী ঠাকুর এবং বিশিষ্ট বিজ্ঞানী এম এস স্বামীনাথনকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছে। প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকেও ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাওকে মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে ভূষিত করেন, এই পুরস্কার হাতে তুলে নেন প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে পি ভি প্রভাকর রাও। চৌধুরী চরণ সিংয়ের ভারতরত্ন পুরস্কার গ্রহণ করেন তাঁর নাতি জয়ন্ত সিং, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্পুরী ঠাকুরের মরণোত্তর ভারতরত্ন সম্মান গ্রহণ করেছেন তাঁর ছেলে রামনাথ ঠাকুর, এছাড়াও বিশিষ্ট বিজ্ঞানী এম এস স্বামীনাথনের (মরণোত্তর) ভারতরত্ন পুরস্কার গ্রহণ করেছেন তাঁর মেয়ে নিত্যা রাও।
এদিন রাষ্ট্রপতি ভবনে ভারতরত্ন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রমুখ।
