
কৌশাম্বি, ১৫ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের কৌশাম্বিতে জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন হলেন একই পরিবারের ৩ জন সদস্য। একই পরিবারের ৩ সদস্যকে খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা আগুন লাগিয়ে দেন অভিযুক্তদের বাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
কৌশাম্বির পুলিশ সুপার ব্রিজেশ শ্রীবাস্তব শুক্রবার সকালে বলেছেন, অভিযুক্ত হিসেবে ৪ জনের নাম উঠে এসেছে। সকলেই পলাতক। আমরা তথ্য সংগ্রহ করছি এবং অভিযুক্তদের খোঁজ চলছে।
মৃতদের নাম-পেশায় কৃষক হরিলাল (৬২), তাঁর মেয়ে ব্রিজকলি (২২) ও জামাই শিবসাগর (২৬)। অভিযুক্তরা সবাই হরিলালের প্রতিবেশী। শুক্রবার ভোরে নিজেদের কুঁড়েঘরের বাইরে ঘুমিয়ে ছিলেন হরিলাল ও তাঁর মেয়ে এবং জামাই। সেই সময় তাঁদের গুলি করে খুন করা হয়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, হরিলাল ও তাঁর প্রতিবেশীদের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলছিল দীর্ঘ দিন ধরে।
