West Bengal

1 hour ago

Banglar Yuva Sathi scheme: প্রথম দিনেই সুপারহিট ‘যুবসাথী’ প্রকল্প, জমা পড়ল আবেদনের পাহাড়

Banglar Yuva Sathi scheme
Banglar Yuva Sathi scheme

 

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি : রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শুরু হওয়া ‘যুবসাথী’ প্রকল্প রাজনৈতিক মহলে মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক হিসেবে বিবেচিত হচ্ছে। রাজ্যের যুবসমাজের মধ্যে এই প্রকল্পকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে, যার প্রমাণ মিলল এর সূচনার প্রথম দিনেই।

রবিবার থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে ‘স্বনির্ভর বাংলা’ শিবিরের মাধ্যমে যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই প্রক্রিয়া। যুবসাথী ছাড়াও এই শিবিরগুলি থেকে লক্ষ্মীর ভাণ্ডার, ভূমিহীন খেতমজুরদের আর্থিক সহায়তা এবং কৃষি ক্ষেত্রে বিদ্যুৎ বিল মকুবের মতো প্রকল্পগুলির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। তবে প্রথম দিনে সর্বাধিক আবেদন জমা পড়েছে যুবসাথী প্রকল্পের জন্যই। রবিবার সন্ধ্যায় নবান্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শিবিরের প্রথম দিনে চারটি প্রকল্প মিলিয়ে মোট ৬ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৯০ শতাংশের বেশি আবেদনই ছিল যুবসাথী প্রকল্পের। অর্থাৎ, প্রথম দিনেই এই প্রকল্পে প্রায় ৫ লক্ষ আবেদন জমা পড়েছে।

যুবসাথী প্রকল্পের আওতায় রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্ট করেছেন যে, আগামী এপ্রিল মাস থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ জমা হতে শুরু করবে। প্রথম দিনের এই বিপুল সাড়া বুঝিয়ে দিয়েছে যে যুবসাথী প্রকল্প রাজ্যের তরুণ প্রজন্মের কাছে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে। আগামী দিনগুলিতে আবেদনের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

You might also like!