Breaking News

 

West Bengal

2 years ago

Dilip Ghosh:মাথার স্টিকারটা কবে খুলবেন, ভোটের আগে না পরে? ফের দিলীপের নিশানায় মমতা

Dilip Ghosh
Dilip Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'অসংসদীয়' কথা বলার অভিযোগ উঠেছিল বিজেপির বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে। কমিশনের পাশাপাশি দলও শোকজ করেছিল দিলীপকে।  কুকথা বলার জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নিতে দেখা গিয়েছিল মেদিনীপুরের বিদায়ী সাংসদকে।

তবে দিলীপ ঘোষ যে নিজস্ব ফর্মেই রয়েছেন, শনিবার মন্দিরে পুজো দিতে গিয়ে তার প্রমাণ রেখে মন্দিরে পুরোহিতের উদ্দেশে দিলীপকে বলতে শোনা গিয়েছিল, "মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারি। বহিরাগতরা যেন জামাকাপড় খুলে রেখে চলে যায়।" 

আর রবিবার সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ। সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট লাগে মুখ্যমন্ত্রীর। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই ছিলেন মমতা। রবিবার কৃষ্ণনগরের নদিয়ায় তৃণমূল নেত্রীর প্রথম সভা্ রয়েছে।

এই প্রসঙ্গে রবিবার সকালে দিলীপের টিপ্পনি, "উনি এতদিন কেন প্রচারে নামেননি সেটা তো জিজ্ঞেস করুন। উনি মাথার স্টিকারটা কবে খুলবেন, ভোট শেষ হওয়ার আগে না ভোটের পরে?"

এখানেই থামেননি বিজেপি প্রার্থী। দিলীপ আরও বলেন, "ভোটের আগে চোট। এটাও তো ভোটের রেসিপি! হাত-পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই। ওই ইমোশনাল ভোট আর হবে না!"

পর্যবেক্ষকদের মতে, দিলীপ বোঝাতে চেয়েছেন, মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থার বিষয়টি তৃণমূলের ভোটের এজেন্ডা। বস্তুত, অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিকবার কুকথা বলার অভিযোগ উঠেছে দিলীপের বিরুদ্ধে। 

বিষয়টি প্রকাশ্যে আসতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, " ভোটে জেতার জন্য বিজেপির মতো আমাদের কোনও মিথ্যে কথা বলতে হয় না। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ৩৬৫ দিনই মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে থাকে।"

কুণাল আরও বলেন, "একজন মহিলা মুখ্যমন্ত্রীকে টার্গেট করে বিজেপির নেতারা বারে বারে নোংরা ভাষায় কথা বলছেন। বর্ধমান-সহ সারা রাজ্যের মানুষ ইভিএমে এর যোগ্য জবাব দেবে।" এই প্রসঙ্গে তৃণমূলের বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ দিলীপকে 'ছাগলে'র সঙ্গে তুলনা করে বলেছেন, "বেঙ্গলি মে কাহা বাত হে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়!"

You might also like!