দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বুধবার রাতে আচমকাই কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। কোনও আগাম খবর ছাড়াই তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় তাঁর নজরে আসে, রাতে হাসপাতালে কোনও সিনিয়র চিকিৎসক উপস্থিত নেই। জরুরি বিভাগ থেকে শুরু করে একাধিক পরিষেবা মূলত জুনিয়র চিকিৎসকদের উপর নির্ভর করেই চলছে। এরপর তিনি হাসপাতাল চত্বরের হস্টেলগুলিও ঘুরে দেখেন। কোনও বাধা ছাড়াই সেখানে প্রবেশ করে ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও অসন্তোষ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
কল্যাণী তথা নদিয়ার অন্যতম ভরসা জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতাল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগী আসতেই থাকে। এহেন জেএনএম হাসপাতালে রাতে সিনিয়র চিকিৎসক থাকে বলে না অভিযোগ। রাতে হাসপাতাল পরিদর্শনে গিয়েও সেই এক সমস্যা দেখতে পারলেন তিনি। জুনিয়ররা চিকিৎসা করছেন। রোগীর আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভিযোগ শোনেন তিনি।
পরিদর্শন শেষে তিনি বলেন, “জেএনএম হাসপাতাল নিয়ে বারবার অভিযোগ আসছে। এলাকার বিধায়ক অনুপম হাজরাও আমাকে বিষয়টি দেখতে বলেছেন। সিনিয়র চিকিৎসক থাকেন না বলে অভিযোগ উঠেছে। সবটাই দেখলাম।” হাসপাতালের পরিছন্নতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “৫০০ বেডের হাসপাতালে পরিছন্নতা বেহাল। এমন কোনও ওয়ার্ড নেই, যেখানে নোংরা নেই। রিপোর্ট করব। আগেও এসেছি। পরেও আসব।” হাসপাতালের পাশাপাশি মেডিক্যাল কলেজের হোস্টলেও যান তিনি। নিরাপত্তার ফাঁক রয়েছে বলে জানিয়েছেন তিনি। সুমনা বলেন,”হস্টেলের অবস্থা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করব না। তবে নিরাপত্তার অভাব রয়েছে। ওপেন টু অল। সবাই ঢুকছে। ব্যবস্থা নেওয়া হবে।”
