
দক্ষিণ দিনাজপুর, ১০ জুলাই :` সোমবার সকালে পুনর্নির্বিচনের দিন অশান্ত নানা স্থানে গেলেন দলের রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার।
দলের তরফে জানানো হয়, দক্ষিণ দিনাজপুরের দাউদপুর বুথে পুনঃ নির্বাচনের আগে রাতভর গুলি ও বোমাবাজি চলে। বিজেপি-র অভিযোগের তির তৃণমূলের দুষ্কৃতীদের দিকে। অভিযোগ, প্রত্যেকের বাড়ি বাড়ি এসে হুমকি দিয়ে যায়। প্রাণ ভয়ে ভোটাররা সোমবার প্রথমে কেউ ভোট দিতে যেতে চাইছিলেন না। সুকান্তবাবু ঘটনাস্থলে যান এবং এফআইআর করা সহ এনআইএ তদন্তের কথা জানান। ভোটারদের বুথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তিনি।
এই সঙ্গে বিজেপি-র তরফে অভিযোগ করা হয়, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের হালদার মোড়ে বিজেপির নেতা ও কর্মীদের বাড়ির লক্ষ্য করে রাতভোর বোমা ফেলা হয়। ৮ থেকে ১০ টি বাড়ি ভাঙচুর ও লুঠপাট করা হয় তৃণমূলের তরফে। এক স্কুল শিক্ষিকাকে অপহরণ করে খুনের হুমকি দেয় দুষ্কৃতীরা।
অভিযোগ, রাতভর বোমাবাজি হলেও পুলিশ নিজের উদ্যোগে সেই প্রমাণ লোপাট করার চেষ্টা করে। রাস্তার আশেপাশে পড়ে থাকে বোমার অবশিষ্টাংশ। সেগুলিই সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিজেপি কর্মীদের বাড়িতে বোমাবাজি ও সন্ত্রাস চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। রূপমারী গ্রাম পঞ্চায়েতের হালদার মোড়ের ঘটনা। বিজেপি প্রার্থী ১৪৬ নম্বর বুথের মহাদেব সরদারের বাড়িতেও হামলা চালায়।
