
মুর্শিদাবাদ ও নদীয়া, ১২ জুন: অশান্তি এড়াতে মুর্শিদাবাদের ডোমকল মহকুমার চারটি বিডিও অফিস চত্বরেই ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। একই সাথে মনোনয়নকারী প্রার্থী, প্রস্তাবক, ও দুই সাক্ষী ছাড়া অতিরিক্ত জমায়েত না করতে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ।
এদিকে, মেঘলা আবহাওয়ায় সকাল থেকেই মুর্শিদাবাদের ২৬টি ব্লক অফিস ও ৫ টি মহকুমা অফিসে ডি সি আর কাটা ও মনোনয়ন জমা দেওয়ার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তারই মাঝে বাম-কংগ্রেস জোটের সমর্থকদের হাতে উইকেটে বাধা ঝাণ্ডা ও মোটা বাঁশের লাঠি দেখা যাওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। পুলিশ তাদের চিহ্নিত করে গ্রেফতার করার চেষ্টা করছে।
এদিকে, অবাধ ও শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচনে নদীয়া জেলার বিভিন্ন স্থানে রুট মার্চ শুরু হয়েছে। রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন স্থানে পুলিশ এলাকাবাসীদের নির্ভয়ে থাকার আবেদন জানান। কোথাও কোনও রকম সমস্যা হলে পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। আজ শান্তিপুর থানায় বেলঘড়িয়া ১নং গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে রুট মার্চ করা হয়।
