West Bengal

2 years ago

Sukanta Majumdar :'রাজনৈতিক ষড়যন্ত্র', মহুয়ার সাংসদ পদ খারিজ নিয়ে অধীর, পাল্টা সুকান্তর

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কলকাতা, ৯ নভেম্বর : এথিক্স কমিটির বৈঠক বসার আগেই বুধবার রাতে কমিটির রিপোর্ট কীভাবে প্রকাশ্যে চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেছেন খোদ মহুয়া।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে লোকসভার এথিক্স কমিটি। ইতিমধ্যে ৫০০ পাতার একটি রিপোর্ট তৈরি করেছে এথিক্স কমিটি। সেই রিপোর্টে মহুয়ার সাংসদ পদ খারিজের বিষয়ে লোকসভার এথিক্স কমিটি সুপারিশ করেছে বলে সূত্রের খবর।

বৃহস্পতিবার কমিটির বৈঠক হওয়ার কথা। সিদ্ধান্তের নির্যাস আগাম ফাঁস হওয়ায় প্রতিক্রিয়া জানিয়ে বুধবার রাতে টুইট করেছেন তৃণমূল সাংসদ। টুইটে তিনি এথিক্স কমিটিকে ‘অনৈতিক’ বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, “কমিটিতে রিপোর্ট পেশের আগেই সেটি প্রকাশ হয়ে গিয়েছে। ঠিক যেমন লোকপাল সিদ্ধান্তের কথা অন্য কেউ ঘোষণা করেন।” টুইটের শেষে সব ইনস্টিটিউশনকে ‘বাই-বাই’ বলে লিখেছেন মহুয়া মৈত্র, যা বিশেষ তাৎপর্যপূর্ণ।

তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। তিনি বলেন, “সরকারের বিরুদ্ধে কথা বললেই সংসদে শ্বাসরোধ করে দেওয়ার চেষ্টা করা হয়, সাংসদ পদ খারিজ করা হয়। রাহুল গান্ধীরও সাংসদ পদ খারিজ করা হয়েছিল।” এটা ‘প্রতিহিংসাপরায়ণ রাজনীতি’ বলেও মন্তব্য করেছেন অধীরবাবু।

তবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ হওয়ার ছিল বলে জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। দর্শন হিরানন্দানিকে ‘বন্ধু’ হিসেবে লোকসভার সচিবালয়ের ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার কথা স্বীকার করেছেন তৃণমূল সাংসদ।

এপ্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “এভাবে কাউকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে পারে না।” তবে এথিক্স কমিটির বৈঠকে পেশ হওয়ার আগেই রিপোর্টটি কীভাবে প্রকাশ্যে এল, তা তিনি জানেন না বলে মন্তব্য করেন সুকান্তবাবু। পাল্টা বিরোধীদের দিকে আঙুল তুলেছেন তিনি।


You might also like!