
কলকাতা, ১২ জুন : “সরকার চাইবে তাদের তাঁবেদার লোক, সেটাই করেছেন। রাজীব সিনহাকে নির্বাচন কমিশনার করা প্রসঙ্গে এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
সোমবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এলে দিলীপবাবুকে প্রশ্ন করা হয়, শুভেন্দু অধিকারী বলেছেন, এই মনোনয়ন ঠিক হয়নি আরো খতিয়ে দেখা উচিত ছিল। জবাবে দিলীপবাবু বলেন, “ঠিক আছে, তাদের কাছেও লোক নেই তারা দিয়েছে, এটা রাজ্যপাল ও রাজ্য সরকারের ব্যাপার। রাজীব সিনহা আমাদের পছন্দের লোক নন।”
ডোমকলে যে তৃণমূল নেতার থেকে বন্দুক পাওয়া গিয়েছে, তাকে দল থেকে বের করে দেওয়ার দাবি করেছেন মদন মিত্র। এ সম্পর্কে প্রশ্ন করলে দিলীপবাবু বলেন, “মদন মিত্রের কথা কে শোনে? তাকেই পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে! নাটক করে বেঁচে আছেন । মদন মিত্রের কথা মিডিয়ার লোকের কাছে গুরুত্ব থাকতে পারে, সাধারণ মানুষের কাছে কোনও গুরুত্ব নেই।”
