
রানিগঞ্জ, ১১ জুলাই : রানিগঞ্জের জেমারিতে পঞ্চায়েত ভোটের দিন চলে গুলি। ছলবলপুরে বুথ লুট হয়। সিপিএম-তৃণমূল দু’পক্ষের সংঘর্ষ হয়। দামালিয়াতে বিজেপি পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে। এই সব কিছুর নেপথ্যে নাম উঠে এসেছিল রানিগঞ্জ পঞ্চায়েতের বিদায়ী সভাপতি তথা তৃণমূলের প্রার্থী বিনোদ নুনিয়ার।
মঙ্গলবার রানিগঞ্জে ভোট গণনা কেন্দ্রের বাইরে তাঁরই সঙ্গে সাক্ষাৎ হল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। প্রাথমিকভাবে সৌজন্য বিনিময় হলেও তৃণমূল নেতাকে কার্যত সেদিনের অশান্তির জন্য সরাসরি দায়ী করেন অগ্নিমিত্রা। চুপচাপ হেসে তার জবাব দিলেন বিনোদ।
এদিন সমর্থকদের নিয়ে ভোটগণনা কেন্দ্রের বাইরে বসেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। তাঁকে দেখে তৃণমূল নেতা বিনোদ নুনিয়া সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হল ঠিকই, কিন্তু অগ্নিমিত্রা কথা শোনাতে ছাড়লেন না। বিনোদকে অগ্নিমিত্রা সাফ জানিয়ে দিলেন, তাঁর নেতৃত্বেই যে বুথ লুট হয়েছে, গুলি চলেছে, পোলিং এজেন্টদের মারধর হয়েছে, তার সব কিছুই জানেন বিধায়ক। সুতরাং, এখন সৌজন্য দেখিয়েও বিশেষ লাভ নেই। শেষ পর্যন্ত হাসতে হাসতেই সেখান থেকে চলে যান তৃণমূল নেতা।
