West Bengal

2 years ago

Abhishek-Shantanu: বিনা অনুমতিতে ঠাকুরবাড়িতে অভিষেকের কর্মসূচি, হাই কোর্টের দ্বারস্থ শান্তনু

Shantanu Thakur (Right)- Abhishek Banerjee(left)
Shantanu Thakur (Right)- Abhishek Banerjee(left)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাতুয়া সম্প্রদায়ভুক্ত বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নিশানায় এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বনগাঁয় মতুয়া গোষ্ঠীর ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে অশান্তির ঘটনায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ শান্তনু ঠাকুর। বিচারপতি মান্থার এজলাসে মামলা দায়েরের অনুমতিও মিলেছে ইতিমধ্যে।

শান্তনুর অভিযোগ, মন্দিরের তরফে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। উল্টে ওই দিনের ঘটনায় কয়েক জন ভক্তের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। শান্তনুর এই অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। মঙ্গলবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

পরে আদলত চত্বরে দাঁড়িয়ে শান্তনু বলেন, ‘‘গত ১১ জুন যে ঘটনাটি ঘটেছে, তার পিছনে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, ব্রাত্য বসুরা। এই ঘটনায় পুলিশ আমাদের বিরুদ্ধেই পদক্ষেপ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিনা অনুমতিতে ঠাকুরবাড়িতে ঢুকে ঠাকুরবাড়ির সম্মানহানি করেছেন। মতুয়াদের সম্মানহানি করেছেন।’’

প্রসঙ্গত, গত ১১ জুন বনগাঁয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তাঁর পৌঁছনোর আগেই মতুয়া মহাসংঘের মাঠে অন্য একটি সভার আয়োজন করেন শান্তনুপন্থী মতুয়ারা। যেখানে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয়েছিলেন তাঁরা। এদিকে অভিষেক যাওয়ার আগেই উত্তেজনা চরমে ওঠে। বন্ধ করে দেওয়া হয় মন্দিরের মূল গেট। হাতাহাতিতে জড়ায় মতুয়াদের দুই পক্ষ। উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।ঠাকুরবাড়ির এই অশান্তির ঘটনায় বিহিত চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর।

You might also like!