Technology

1 hour ago

Google AI: শুধু পথ দেখানো নয়, এবার আরও স্মার্ট গুগ্‌ল ম্যাপ! এআই-র ছোঁয়ায় মিলবে একাধিক নতুন সুবিধা

Google Maps AI Smart Travel Assistant
Google Maps AI Smart Travel Assistant

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  এতদিন গুগ্‌ল ম্যাপের প্রধান কাজ ছিল পথ নির্দেশ করা। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে এবার সেই ধারণা বদলাতে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র সাহায্যে গুগ্‌ল ম্যাপ এখন শুধু গন্তব্যে পৌঁছে দেওয়াই নয়, বরং ভ্রমণ পরিকল্পনা থেকে শুরু করে একাধিক কাজেও ব্যবহারকারীদের সহায়তা করবে। নতুন আপডেটের মাধ্যমে গুগ্‌ল ম্যাপ আরও বুদ্ধিমান হয়ে উঠছে।  ব্যবহারকারীর পছন্দ, পূর্ববর্তী সার্চ এবং অবস্থান বিশ্লেষণ করে এআই ব্যক্তিগত চাহিদা অনুযায়ী সুপারিশও করবে। তবে চলুন, জেনে নেওয়া যাক, নতুন কী কী সংযোজন হল গুগ্‌ল ম্যাপে।

১. খাবার অর্ডার:  গুগ্‌ল ম্যাপের নতুন ‘আস্ক ম্যাপ’ ফিচারে গিয়ে আরও নানা কাজ করা যাবে। তার মধ্যে একটি খাবার অর্ডার করা। এখন আর ফুড ডেলিভারি অ্যাপে আলাদা ভাবে সার্চ করতে হবে না। ম্যাপে চ্যাট করে সরাসরি নিজের পছন্দ ও খাদ্যাভ্যাস লিখলে, গুগ্‌ল ম্যাপ নিজেই কাছাকাছি রেস্তরাঁ থেকে পছন্দের খাবার কার্টে যোগ করে দেবে। ব্যবহারকারী কেবল সেটি দেখে পেমেন্ট করলেই হবে।

২. হোটেল বুকিং:  আপনার সাধ্যমতো খরচে হোটেল বুক করে দেওয়ার কাজটিও করবে গুগ্‌ল ম্যাপ। পছন্দ ও অবস্থান জানিয়ে ম্যাপকে জিজ্ঞাসা করলেই কাছাকাছি হোটেলের খোঁজ দেবে। এমনকি সহজে হোটেলের ঘর বুক করার সুবিধাও করে দেবে।

৩. টিকিট কেটে দেবে:  যে শহরে যাচ্ছেন সেখানে কী কী অনুষ্ঠান, লাইভ শো বা সঙ্গীতানুষ্ঠান হতে চলেছে, অথবা কোনও প্রদর্শনী রয়েছে কি না, তা ম্যাপের কাছেই জানতে চাইতে পারেন। আপনার পছন্দ বুঝে ইভেন্টের তালিকা তৈরি করে দেবে। এমনকি টিকিট কাটার লিঙ্কও এনে দেবেন।

৪. ম্যাপই হবে আপনার সহকারী:  জিমেল বা গুগ্‌ল ক্যালেন্ডারের সঙ্গে ম্যাপকে সংযুক্ত করে রাখতে পারেন। তা হলে আপনার পরবর্তী ফ্লাইটের সময় বা হোটেলের বুকিং দেখে ম্যাপ নিজে থেকেই তা মনে করিয়ে দেবে। অথবা চাইলে ভ্রমণের নিখুঁত প্ল্যানও তৈরি করে দেবে। আপনার পরবর্তী কী কী কাজ রয়েছে, তার খুঁটিনাটি জানিয়ে বিস্তারিত তালিকাও তৈরি করে দেবে গুগ্‌ল ম্যাপ।

৫. প্রতি মহূর্তের আপডেট:  বাস, ট্রেন, বিমান বা জলপথে কোথাও যেতে চাইলে, সে সংক্রান্ত তথ্য নিজে থেকেই দেবে। বাস বা ট্রেনের সময়, যেখানে যেতে চাইছেন সেখানে গেলে পরিবহণ সংক্রান্ত কী কী সুবিধা পাবেন, তার প্রতি মুহূর্তের আপডেট দেবে গুগ্‌ল ম্যাপ। যে পথে যাবেন তার বিস্তারিত তথ্যও আপনাকে জানিয়ে দেবে নিখুঁত ভাবেই।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই সংযুক্ত এই নতুন পরিষেবাগুলি গুগ্‌ল ম্যাপকে শুধুমাত্র একটি নেভিগেশন অ্যাপের সীমায় আটকে রাখবে না। বরং এটি ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ব্যক্তিগত ভ্রমণ সহকারী হিসেবে কাজ করবে, যা দৈনন্দিন জীবন থেকে শুরু করে বেড়াতে যাওয়ার পরিকল্পনাকেও আরও সহজ, দ্রুত এবং সুবিধাজনক করে তুলবে।

You might also like!