
কলকাতা, ৫ নভেম্বর : নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ভোরের দিকে তিলোত্তমায় শীতের শিরশিরানি মালুম পড়ছে। জম্পেশ শীত না পড়লেও ভোরের দিকে শীতের আমেজ বেশ টের পাচ্ছেন কলকাতাবাসী। আগামী কয়েক দিনও তা বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবারও কলকাতার তাপমাত্রার পারদ নীচের দিকেই রয়েছে, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিনই তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহবিদরা জানাচ্ছেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ নামতে পারে। যদিও, ইতিমধ্যেই ভোরের দিকে শীতের শিরশিরানি মালুম হচ্ছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে আমেজ উধাও হয়ে যাচ্ছে। সকালের দিকে হালকা কুয়াশাও রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েক দিন এমনটা চলবে। এদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে। কিন্তু, সেই নিম্নচাপের জেরে এ শহর তথা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। তাই আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে শীত মালুম হলেও, বেলা বাড়তেই উধাও হয়ে যাবে ঠাণ্ডা। মোটামুটিভাবে বলতে গেলে, জম্পেশ ঠাণ্ডা উপভোগ করতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।
