kolkata

2 years ago

Weather Update:স্বাভাবিকের থেকে কমেছে তাপমাত্রা, ১১ ডিগ্রির নীচে নামল পারদ

Weather Update
Weather Update

 

কলকাতা, ১২ ডিসেম্বর : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ একলাফে কমল অনেকটাই। কলকাতায় ১১ ডিগ্রির নীচে নামল পারদ। মেদিনীপুর কাঁপছে ১৩.১ ডিগ্রির শীতে। মঙ্গলবার আরও নামবে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানান, আগামী চার থেকে পাঁচ দিন থাকবে শীতের দাপট। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে নতুন করে কোনও ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে না। ফলে উত্তুরে হাওয়ার রাজ্যে প্রবেশের ক্ষেত্রে কোনও বাধা নেই। আকাশও মেঘমুক্ত। ফলে দিনের বেলা ঝলমলে রোদ পড়লেও সন্ধ্যা নামার পরেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। অর্থাৎ অনেকটাই থিতু হতে চলেছে শীত।

মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল অর্থাৎ সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম এবং এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ।

দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। সোমবার দক্ষিণবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম। দক্ষিণবঙ্গে সবথেকে কম তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে দিঘা ১৩.৬ ডিগ্রি, উলুবেড়িয়া ১৪.৫ ডিগ্রি, কাঁথি ১৫.২ ডিগ্রি, হলদিয়া ১৫.২ ডিগ্রি, শান্তিনিকেতন ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে শীতের দাপট অব্যাহত থাকবে বলেই জানা যাচ্ছে। নতুন করে কোনও সিস্টেম তৈরি না হলে উত্তুরে হাওয়ার প্রবেশ বাধাপ্রাপ্ত হবে না। ফলে জেলায় জেলায় শীতের পথে কোনও বাধা নেই।

উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও বেশ নিম্নমুখী। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে। দার্জিলিং শহরের একটি নির্দিষ্ট জায়গাতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৩.৪ ডিগ্রি সেলসিয়াসে। আপাতত সেখানে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পাহাড়ে কার্যত পর্যটকদের ঢল নেমেছে বলা যায়।


You might also like!