
কলকাতা, ২৯ অক্টোবর : শীঘ্রই ফের বাতানুকূল বাস পরিষেবা চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এনবিএসটিসি। সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এই প্রসঙ্গে তিনি বলেন, "আগে এনবিএসটিসি ১৪টি এসি বাস চালালেও বেশ কিছু সমস্যার জেরে সেই বাসগুলি বন্ধ হয়ে যায়। আমরা সেই পরিষেবা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। নতুন করে পুরনো রুটগুলিতেই ধাপে ধাপে ফের এসি বাস চালু করা হবে। কারণ, বর্তমানে এসি বাসের চাহিদা বেড়েছে। " এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, আগে কোচবিহার-শিলিগুড়ি, শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-কলকাতা, রায়গঞ্জ-শিলিগুড়ি-সহ বিভিন্ন রুটে সংশ্লিষ্ট ১৪টি এসি বাস চলাচল করত ৷ কিন্তু বছর তিনেক হল সেই বাসগুলি বন্ধ হয়ে গিয়েছে। এর পিছনে নানা কারণ রয়েছে। প্রথমত, এই বাসগুলির ভাড়া বেশি হওয়ায় আশানুরূপ যাত্রী পাওয়া যাচ্ছিল না। ফলে বাস চালিয়ে লোকসান বাড়ছিল সংস্থার। দ্বিতীয়ত, রক্ষণাবেক্ষণের অভাবে কয়েকটি বাস খারাপ হয়ে যায়। সেগুলি এর আগে সারানোর ব্যবস্থা করা হয়নি। তৃতীয়ত, করোনাকালে দীর্ঘদিন লকডাউন চলে। তার জেরেও যাত্রী পরিষেবা ব্যাহত হয়। কিন্তু, এবার সেই পরিষেবা পুরোদস্তুর ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
