
কলকাতা, ৭ নভেম্বর : নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তৈরি করা বিশেষ তদন্ত দল (সিট) নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতির পর্যবেক্ষণ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গঠন করা সিটের কয়েক জন সদস্য ঠিক মতো কাজ করছেন না। প্রয়োজনে ওই সদস্যদের পরিবর্তন করতে হবে বলেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ। সোমবার দুপুরে এই বিষয় নিয়ে শুনানি হওয়ার কথা।
গত জুলাইয়ের শেষ সপ্তাহে ইডি’র হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর একে একে মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মতো ওজনদাররা গ্রেফতার হয়েছেন। সম্প্রতি প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা দায়ের হয় হাই কোর্টে। তারই মধ্যে রমেশ মালি, লক্ষ্মী তুঙ্গা, সৌমেন নন্দীর আনা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সুপ্রিম কোর্ট ঘুরে সেই মামলা ফেরত এসেছে হাই কোর্টে। ওই মামলাগুলির শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবীদের খোঁজ করেন বিচারপতি। কিন্তু সিবিআইয়ের তরফে কোনও তদন্তকারী অফিসার উপস্থিত না থাকায় তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি।
গত ১৭ জুন রাজ্যের স্কুলে নিয়োগ দুর্নীতির সব মামলাতেই সিবিআইয়ের সিট-কে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির শিকড় বহু দূর পর্যন্ত বিস্তৃত থাকতে পারে মনে করেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন। আদালত এই নির্দেশও দিয়েছিল, ‘সিট’ হাই কোর্টের নজরদারিতে তদন্ত করবে এবং কোর্টের অনুমতি ভিন্ন সিট-এর সদস্যদের বদলি করা যাবে না।
