
কলকাতা, ৩১ অক্টোবর : গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের কন্যাকে ফের তলব করল ইডি। ২ নভেম্বর সুকন্যা মণ্ডলকে তলব করা হয়েছে। সূত্রের খবর, ইডি-র তলবে দিল্লিতে হাজিরা দেবেন সুকন্যা।
প্রসঙ্গত, গরুপাচার মামলার তদন্তে নেমে শুরু থেকেই বিপুল সম্পত্তির হদিশ পান তদন্তকারীরা। অনুব্রত মণ্ডলের পাশাপাশি বিপুল সম্পত্তির হদিশ পান সিবিআই আধিকারিকরা। উঠে আসে ভোলেব্যোম রাইস মিল সহ একাধিক চালকলের নাম। তদন্তের শিকড়ে পৌঁছতে গিয়ে তদন্তকারীদের সামনে উঠে আসে দুই সংস্থার নাম। এই দুই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন কেষ্ট কন্যা। সিবিআই চার্জশিটেও এই সংস্থাগুলির নাম রয়েছে।
এর আগেও বারবার হাজিরার নির্দেশ পেয়েও, তা এড়িয়েছিলেন সুকন্যা। ব্যক্তিগত কারণ দর্শিয়েই তিনি হাজিরা এড়িয়েছেন। ২৭ নভেম্বরের হাজিরাও এড়িয়েছিলেন। তিনি আদৌ তদন্তকারীদের মুখোমুখি হবেন কিনা, তা নিয়েই জল্পনা তৈরি হয়েছিল। এবার আগামী ২ নভেম্বর তিনি হাজিরা দেবেন বলে জানিয়েছেন।
সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিট অনুসারে ২০১৩-১৪ অর্থবর্ষে সুকন্যার আয় ছিল ৩ লক্ষ ১০ হাজার টাকা। ২০২০-২১ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ টাকা। অন্তত ৩ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে সুকন্যার নামে। সুকন্যার মালিকানাধীন সংস্থা এএনএম অ্যাগ্রোকেম লিমিটেডের আয়ব্যায়ের হিসাব চেয়েছে ইডি।
কেষ্ট গ্রেফতার হতেই হদিশ মেলে তাঁর একাধিক সম্পত্তির। সেই সম্পত্তিতে ভাগ রয়েছে সুকন্যা মণ্ডলেরও। এরপরই ইডির গোয়েন্দাদের নজরে আসেন কেষ্ট কন্যা। আয়বৃদ্ধিতে বাবা অনুব্রত মণ্ডলকেও পিছনে ফেলেছেন সুকন্যা।
