
কলকাতা, ২ নভেম্বর : প্রবল বিস্ফোরণে কাঁপল ডানলপের বহুতল। প্রাথমিক তদন্তে অনুমান বহুতলের একটি বাড়িতে সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ হয়েছে। বুধবার সকাল ১১টার কিছু সময় পরে ওই বহুতলে আগুন লাগে। সাড়ে ১১টা নাগাদ দমকলে খবর দেন স্থানীয়রা। তবে এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ওই বহুতলে আগুন ছড়িয়ে পড়ে। বহুতলে অনেকে আটকে পড়েন বলেও আশঙ্কা করেন স্থানীয় বাসিন্দারা। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় উদ্ধার কাজ। যদিও দমকল সূত্রে খবর যে তলায় বিস্ফোরণ হয়েছে সেটি ফাঁকাই পড়েছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুতলের ভিতরে একটি ব্যাঙ্ক এবং একটি রেস্তরাঁ রয়েছে। এমনকি, বেশ কয়েকটি দোকানঘরও রয়েছে নীচের তলায়। বুধবার সকালে বিস্ফোরণের আওয়াজ শুনেই বহুতল থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসেন ভিতরে থাকা মানুষেরা। বহুতল থেকে বাইরে বেরিয়ে আসেন ব্যাঙ্ক কর্মীরাও। আগুন নেভানোর পাশাপাশি, কী ভাবে এই আগুন লাগল, তা নিয়েও বিস্তারিত তদন্ত শুরু করেছে দমকল।
