
হাওড়া, ২৬ অক্টোবর : সকালের ব্যস্ত সময়ে ভিড়ে ঠাসা লোকাল ট্রেন, অফিস টাইমের চূড়ান্ত ব্যস্ততার মধ্যেই সুতলি বাঁধা এক অজ্ঞাত বস্তুকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল। মূহূর্তের মধ্যেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে লোকাল ট্রেনের কামরা জুড়ে। শেষমেষ বোমাতঙ্কের জেরে ট্রেন থেকে নামামো হয় যাত্রীদের। বুধবার সকালে নজিরবিহীন ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের টিকিয়াপাড়া কার শেডের কাছে জলেশ্বর গ্যালোপিং লোকালে।
জানা গিয়েছে, ট্রেনটি সিগনালের জন্য অপেক্ষারত অবস্থায় থাকাকালীন আচমকাই রেললাইনের ধারে সুতলি দিয়ে বাঁধা একটি রহস্যজনক গোলাকার বস্তু দেখতে পান যাত্রীরা। সঙ্গে সঙ্গে সেটিকে বোমা ভেবে বসেন সবাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল কর্তৃপক্ষ। যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর হেঁটেই কার্যত ওই স্থান ত্যাগ করেন সকলে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। সুতলি বাঁধা বস্তু আদতে বোমাই না কী অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জিনিসটি বোমা নয়, এমনটাই মনে করছে পুলিশ। প্রাথমিক ধাক্কা সামলে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক।
