
কলকাতা, ২৪ অক্টোবর : চোখের জটিল অস্ত্রোপচার করিয়ে কলকাতায় ফিরলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালেই কলকাতা বিমানবন্দরে আসেন তিনি, সকাল আটটা নাগাদ বিমানবন্দর থেকে বার হন অভিষেক। তাঁর চোখে ছিল ঘষা কাচের চশমা। চিকিৎসার জন্য আমেরিকায় যাওয়ার ২৫ দিন পর দেশে ফিরলেন তিনি। গত ১২ অক্টোবর আমেরিকার জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছিল। সোমবার চোখে অস্ত্রোপচারের ১২ দিন পর কলকাতায় ফিরলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। দেখা গেল তাঁর চশমার বাঁদিকের কাচটি ঘষা। ডানদিকেরটি অবশ্য সাধারণ। প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক। সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল সাংসদের গাড়ি। সেই দুর্ঘটনাতে অভিষেকের বাঁ চোখের নীচে ‘অরবিটাল বোন’ (চোখকে ধরে রাখার হাড়) ভেঙে যায়।
