বীরভূম, ২৮ মার্চঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেউচা-পাচামি সহ একাধিক দাবি নিয়ে মঙ্গলবার বেশ কয়েকটি আদিবাসী সংগঠনের দেখা করার কথা ছিল। তবে দেখা কারার আগেই ৬ আদিবাসী সংগঠনের নেতাকে নজরবন্দি করে রাজ্য পুলিশ।
সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে ওই ৬ নেতাকে তাঁদের নিজ নিজ বাড়িতে নজরবন্দি করে রাখা হয়৷ যতক্ষণ রাষ্ট্রপতি শান্তিনিকেতনে ছিলেন ততক্ষণ পর্যন্ত ওই নেতরা নজরবন্দি ছিলেন। দেউচা-পাচামিতে খোলামুখ কয়লা খনির জন্য জমি অধিগ্রহণ করছে রাজ্য সরকার। খনির বিরুদ্ধে প্রতিবাদে প্রথম থেকেই সরব হয়েছে এলাকার আদিবাসী মানুষজন।
এছাড়া, বোলপুর-শান্তিনিকেতন এলাকায় বহু আদিবাসী মানুষজনের জমি দখল হয়ে যাচ্ছে৷ গড়ে উঠেছে রিসর্ট, হোটেল, আবাসন, কটেজ, বহুতল প্রভৃতি। এই সকল বিষয় ছাড়াও আদিবাসী-সাঁওতাল জনজাতির শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার কথা ছিল আদিবাসী সংগঠনগুলির৷ এই মর্মে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতকে চিঠি দিয়ে অনুমতিও চেয়েছিল আদিবাসী সংগঠনের নেতারা৷ যদিও তাঁদের অনুমতি দেওয়া হয়নি৷
তা সত্ত্বেও এদিন সকাল ৬টা থেকে আদিবাসী নেতা রাম সরেন, সোনা মুর্মু, ডঃ বিনয় কুমার সরেন, মিনতি হেমব্রম, রথীন কিস্কু, শিবু সরেনকে নজরবন্দি করে রাজ্য পুলিশ ৷ তাঁদের বাড়িতে সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়। শান্তিনিকেতন থানার পুলিশের তরফে তাঁদের জানানো হয়, যতক্ষণ রাষ্ট্রপতি শান্তিনিকেতনে থাকবেন ততক্ষণ তাঁরা বাড়ি থেকে বেরতে পারবে না।
