
কলকাতা, ৭ সেপ্টেম্বর : রেললাইনের পাশ থেকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কর্মরত পুলিশ কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম ইসরাফিল সাহাজি (৩০)। বাড়ি নদীয়ার চাকদহ থানার মদনপুরের জঙ্গল গ্রামে।
পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল পাঁচটা নাগাদ বাড়ি থেকে হাঁটতে বেরিয়েছিল ওই পুলিশ কর্মী। কিন্তু রাত দশটার বেশি বেজে গেলেও বাড়ি না ফেরায় বারবার ফোনে যোগাযোগ করতে থাকেন পরিবারের লোকজন। আনুমানিক ১২টার সময় জিআরপি থেকে তাঁদের বলা হয় একটি দেহ পাওয়া গিয়েছে। পরিবারের লোকজন দেহটি শনাক্ত করেন। এটি খুন, দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। তদন্তে নেমেছে রানাঘাট জিআরপি।
নদিয়ার চাকদহ থানার মদনপুর জঙ্গল গ্রামের বাসিন্দা ৩০ বছরের ইসরাফিল সাহাজি রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিলেন। বেশ কিছু দিন ধরে তিনি মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বুধবার বিকেল পাঁচটা নাগাদ বাড়ি থেকে হাঁটতে বেরিয়েছিলেন। কিন্তু রাত ৯টা নাগাদও ইসরাফিল সাহাজি বাড়ি না ফেরায় উদ্বেগে পড়ে পরিবার। বার বার ফোন বেজে গেলেও উত্তর মেলেনি। মাঝরাতে ফোন তোলা হয়। নিজেকে জিআরপি কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ইসরাফিল সাহাজির। রেললাইনের পাশ থেকে উদ্ধার হয়েছে ক্ষতবিক্ষত দেহ।
