
কোচবিহার, ১১ ডিসেম্বর : বিজেপির রথযাত্রা বাতিলের দাবিতে কোচবিহার জেলা কার্যালয়ের সামনে রাস্তার বসে বিক্ষোভে শামিল হল তৃণমূল কংগ্রেস। সোমবার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের নেতা-কর্মীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, বাংলার মানুষ ১০০ দিনের কাজ করে টাকা পাচ্ছেন না। আর বিজেপি রথযাত্রার নামে নাটক করছে। তাই এই বিক্ষোভ। এবিষয়ে বিজেপি বিধায়ক তথা জেলা সভাপতি সুকুমার রায়ের বক্তব্য, তৃণমূল ভয়ে এমনটা করছে। কারণ মোদী সরকারের উন্নয়ন গ্রামেগঞ্জের মানুষ জেনে গেলে তৃণমূলকে ভোট দেবে না। তৃণমূলের দুর্নীতি মানুষের মুখে মুখে। কেন্দ্রীয় সরকারের কী কী সুবিধা জনগণ পেতে পারেন, তার প্রচারের জন্যই এই রথ। প্রচার আটকাতেই এমনটা করা হচ্ছে। এদিন বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে। পরে পুলিশ গিয়ে বিক্ষোভ তুলে দেন।
