
ভাঙড়, ২৯ অক্টোবর : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ভাঙড়ের কাশিপুর থানার পাকাপোল এলাকার ঘটনা। মূলত জমি সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূল নেতা ফিরোজ উদ্দিন সাপুই ও খাইরুল ইসলামের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় বলে পুলিশ সূত্রে খবর। যদিও স্থানীয়দের দাবি, এলাকায় একটি আবাসন প্রকল্পের কাজ চলছে, সেই প্রকল্পে কে মালপত্র সরবরাহ করবে, কে ওই প্রকল্পে জমির যোগান দেবে এই নিয়েই স্থানীয় দুই নেতার মধ্যে বিবাদের সুত্রপাত। এই ঘটনায় ফিরোজ উদ্দিন সাপুই-এর পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে খয়রুল ইসলাম গোষ্ঠীর বিরুদ্ধে। লাঠি নিয়ে ফিরোজের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ফিরোজের বেশ কয়েজন অনুগামী আহত হয়েছে বলেও দাবি। অন্যদিকে খয়রুলের পাল্টা দাবি, তাঁদেরকে লক্ষ্য করে গালিগালাজ করে, ইট ছোড়ে ফিরোজের অনুগামীরা। ঘটনার প্রতিবাদ করতে গেলেই দু'পক্ষের মধ্যে বিবাদ, সংঘর্ষ বাধে। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ কর্মীরা। তবে এই ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। ফিরোজ বলেন, “সামনেই পঞ্চায়েত ভোট, আর সেই কারণে আমরা কর্মীদের নিয়ে গ্রামে মিছিল করি। এতেই আমাদের উপর চড়াও হয় ওঁরা। দলীয় কার্যালয়ে লাঠি সোটা নিয়ে এসে আমাদের কর্মীর উপর হামলা করে। ওঁরা তৃণমূল নয়, তৃণমূল হলে দলীয় কর্মীদের উপর এভাবে হামলা করতে পারতো না।” পাল্টা খয়রুল বলেন, “ মিছিলের নাম করে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে ফিরোজের লোকেরা। আমরা কারণ জানতে গেলে আমাদেরকে মারধর করে। আর আমরা তৃণমূল কর্মী কিনা আর উত্তর দলের ঊর্ধ্বতন নেতৃত্ব দেবেন।”
