
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফলস সিলিং। সোমবার সকালে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মহিলা ওয়ার্ডের ফলস সিলিং ভেঙে পড়ে আহত হলেন দুজন রোগী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে রোগি ও তাদের আত্মীয়দের মধ্যে।
খবর পেয়ে হাসপাতালে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি। তিনি আহতদের সঙ্গে কথা বলেন। হাসপাতাল সুপারের সঙ্গেও কথা বলেন। তিনি জানান, 'মহিলা ওয়ার্ডের ফলস সিলিংয়ের একটি অংশ রোগীর উপর ভেঙে পড়ে। তবে রোগী এমনিতে ঠিক আছেন। আমি হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেছি। যাঁরা এই কাজ করেন, তাঁদের ডেকে যাতে দ্রুত সমাধান করা যায় সেই চেষ্টা চলছে।'
মহিলা ওয়ার্ডে ভর্তি এক রোগীর পরিজন বলেন, 'আমরা রোগীর কাছেই ছিলাম। ডাক্তাররা এসে দেখছিলেন। হঠাৎ দেখি বিকট আওয়াজ। একের পর এক ফলস সিলিং ভেঙে পড়ে গেল। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম।' আরেক রোগীর পরিজন জানান, হাসপাতালে এগুলি ঠিকমতো দেখে রাখা উচিত। আজকে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেরকম বড় কারও ক্ষতি হয়নি। তবে আতঙ্ক রয়েছে সকলের মধ্যে।
হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনরা। সুপার স্পেশালিটি হাসপাতালে এভাবে ফলস সিলিং ভেঙে পড়ার ঘটনায় ক্ষুব্ধ তাঁরা। বীরভূম জেলায় প্রচুর রোগীর নির্ভরতা এই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। তার মধ্যেই এরকম দুর্ঘটনায় পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য,কয়েক বছর আগেই হাসপাতালে একটি চলন্ত ফ্যান খুলে পড়েছিল। কিছুদিন আগেও সিউড়ি হাসপাতালের অপারেশন থিয়েটারে নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব নিয়ে বিতর্ক হওয়ায় খবরে উঠে আসে সিউড়ি হাসপাতাল।
