জলপাইগুড়ি, ২ অক্টোবর : তিন দিন আগে জলপাইগুড়ির ধূপগুড়ির নিখোঁজ কিশোরীকে রবিবার রাতে আলিপুরদুয়ারের ফালাকাটা থানা এলাকার দুদুয়া নদী থেকে বস্তাবন্দি অবস্থায় পেল পুলিশ।
বছর এগারোর কিশোরী নিখোঁজ হওয়ার পর পরিবার থানায় নিখোঁজের ডায়েরি করার পর এলাকায় তল্লাশি চালায় পুলিশ। স্নিফার ডগ এনে খোঁজাখুঁজি করা হয়। সিভিল ডিফেন্স কর্মীদের স্থানীয় পুকুরে নামিয়েও তল্লাশি চলে। তার পরেও নাবালিকার হদিস মেলেনি। পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নাবালিকা ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। সে পঞ্চম শ্রেণির ছাত্রী। তার দেহ উদ্ধার হওয়ার পরে সেটি শনাক্ত করে পরিবার। নিখোঁজ নাবালিকার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই বিক্ষোভ দেখান স্থানীয়েরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নাবালিকার এক প্রতিবেশীকে আটকও করেছে পুলিশ।
ধূপগুড়ি গ্রামীণের ডিএসপি ওয়াংদেন ভুটিয়া বলেন, ‘‘পরিবারের সঙ্গে গ্রামেই রয়েছি। ওঁদের সঙ্গে কথা বলছি। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।’’
