
কলকাতা, ৭ নভেম্বর : পশ্চিমবঙ্গের ডেঙ্গু সংক্রমণ মাত্রাতিরিক্তভাবে বাড়ছে। আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আত্রান্তের হার সবচেয়ে বেশি কলকাতায়। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ডেঙ্গুর উপদ্রবে উদ্বিগ্ন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার ডেঙ্গুর সংক্রমণে রাশ টানতে কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চাইলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ সরকারকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য এবং জনগণকে স্বস্তি দেওয়ার জন্য চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি কেন্দ্রীয় দল পাঠাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়ার কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রের কাছে চিকিৎসক ও বিশেষজ্ঞ দল পাঠাতে আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন শুভেন্দু। পাশাপাশি ট্যুইট করেও রাজ্যকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী ‘রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি অযোগ্য রাজ্য সরকারে হাতের বাইরে। আর্থিক সঙ্কটের কারণেই পরিস্থিতি এত ভয়াবহ। দেউলিয়ার পথে রাজ্য সরকার, যার পরিণাম ভুগছে জনস্বাস্থ্য। প্রাণ হারাচ্ছে মানুষ, পরিস্থিতি ভয়াবহ’।
