
পশ্চিম মেদিনীপুর : পুজোতে মাত্র চারদিনের ছুটি পেয়েছেন? সময়টা নষ্ট না করে পরিবারের সঙ্গে ঘুরে আসুন জঙ্গলমহল পুরুলিয়া। দক্ষিণ-পূর্ব রেল দিচ্ছে সেই সুযোগ। পুজোয় বিশেষ ট্রেন চালাবে তারা। এই সফরে উপরি পাওনা ছৌ নাচ দেখার সুযোগ।
পুজো স্পেশাল ট্রেনের সময়সূচিও ঘোষণা করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রতিদিন রাত ১ টায় সাঁতরাগাছি থেকে ছাড়বে এই দুর্গাপুজো স্পেশাল ট্রেন, পুরুলিয়া পৌঁছবে সকাল ৭.৩০ মিনিটে। আবার সকাল ১০.৪০ টায় পুরুলিয়া থেকে ছাড়বে ট্রেনটি, সাঁতরাগাছি পৌঁছবে বিকেল ৪.২৫ এ। এই স্পেশাল ট্রেন থামবে খড়গপুর, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, আদ্রা এবং আনারা স্টেশনে। ২০ অক্টোবর (ষষ্ঠীর দিন) থেকে আগামী ২৩ অক্টোবর (নবমীর দিন) পর্যন্ত চলবে এই পুজো স্পেশাল ট্রেন।
পুজোর ছুটিতে যে শুধু পুরুলিয়াই ঘোরা যাবে এমনটা নয়, সঙ্গে ঘুরতে পারবেন বাঁকুড়াও। টেরাকোটা শিল্প, একাধিক প্রাচীন মন্দির এমনকি ডোকরা শিল্পের স্বাদও নিতে পারেন। স্বল্প সময়ে পৌঁছতে পারবেন আপনার গন্তব্যে। আর দেরি করবেন না, এক্ষুণি নিজের ও পরিবারের জন্য ট্রেনের আসন সংরক্ষিত করুন।
