
দার্জিলিং, ২৭ ফেব্রুয়ারি : শীতের বিদায় বেলায় তুষারপাত হয়েছে দার্জিলিং পার্বত্য এলাকায়। রবিবার রাতে তুষারপাত হয়েছে সান্দাকফু ও ফালুটে, শ্বেতশুভ্র বরফের চাদরে ঢেকে যায় পাহাড়। বরফ পড়ার খবর পেয়ে সোমবার সকাল থেকেই বরফের আনন্দ নিতে সান্দাকফু ও ফালুটে ছুটে যান পর্যটকরা। রবিবার বিকেলের পর থেকেই এই দুই এলাকার তাপমাত্রা নেমে আসে হিমাঙ্কের নীচে। মধ্যরাত থেকেই সান্দাকফু ও ফালুটে বরফ পড়তে শুরু করে। সান্দাকফুতে হালকা তুষারপাত হলেও ফালুট ঢাকা পড়েছে বরফের চাদরে।
সিকিম আবহাওয়া বিভাগের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা জানান, সান্দাকফুতে হালকা তুষারপাত হলেও ফালুটে ভারী তুষারপাত হয়েছে। অসময়ে পাহাড়ে বরফ দেখতে পেয়ে খুশি পর্যটকরা। এই তুষারপাতে খুশি পাহাড় ও সমতলের পর্যটন ব্যবসায়ীরাও। তাঁরা আশাবাদী অসময়ে বরফ পড়ার খবরে পর্যটকের সংখ্যা বাড়বে দার্জিলিং-এ।
