
রামপুরহাট, ১৩ ডিসেম্বর : সিবিআই হেফাজতে বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর পর থেকে ফের উত্তপ্ত বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী শিবিরে রাতারাতি বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। রাতেই ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। রামপুরহাটের যে অস্থায়ী সিবিআই শিবিরে লালনকে রাখা হয়েছিল, সেখানে নতুন করে যাতে কোনও অশান্তি না হয়, তা নিশ্চিত করতে সোমবার রাতেই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। কড়া নিরপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
ইতিমধ্যেই রামপুরহাটে এসেছেন বেশ কয়েক জন সিবিআই আধিকারিকও। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে বীরভূম জেলা পরিষদের তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি বেশ থমথমে। বগটুই গ্রামে আগে থেকেই পুলিশের শিবির ছিল। সোমবারের ঘটনার পর সেখানেও বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। বগটুইতে নিহতদের বাড়ির সামনে নতুন করে যাতে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়, তা নিশ্চিত করতে আলাদা করে নিরাপত্তা দেওয়া হয়েছে পরিবারকে।
