
হাওড়া, ২৬ সেপ্টেম্বর : দুর্গাপুজোর আগে বড় বিপত্তি হাওড়ার সাঁকরাইলে। ঢালাইয়ের পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দুর্গা দালানের ছাদ। হাওড়ার সাঁকরাইলের মানিকপুরে এই ঘটনায় কমবেশি আহত হয়েছেন ৭ জন শ্রমিক। জানা গিয়েছে, পুরাতন বাজারের দুর্গা দালান সম্প্রসারণের কাজ চলছিল। সোমবার ঢালাইয়ের পর, রাত ১২টা নাগাদ শ্রমিকদের ওপরেই ভেঙে পড়ে নবনির্মিত ছাদের একাংশ।
স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলে যান সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। দুই শ্রমিকের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
