
ব্যারাকপুর, ১৭ জুলাই : রেল ওভারব্রিজ তৈরির দাবিতে ব্যারাকপুর স্টেশনে অবরোধ শুরু করলেন নিত্যযাত্রীদের একাংশ। রেল অবরোধের জেরে সপ্তাহের প্রথম কাজের দিন শিয়ালদহ মেইন শাখার আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। ব্যস্ত সময়ে ভোগান্তির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। রেলের তরফে জানা গিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
অবরোধকারীদের বক্তব্য, ২০২০ সালে আমফান ঝড়ে ব্যারাকপুর রেল স্টেশনের মাঝখানে থাকা ফুট ওভারব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর রেলের তরফ থেকে গোটা ফুট ওভারব্রিজটি নতুন করে তৈরির কথা বলে ভেঙে দেওয়া হয়। সেই প্রতিশ্রুতির পর দীর্ঘ ৩ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি বলে অভিযোগ অবরোধকারীদের। ফুট ওভারব্রিজটি না থাকায় প্রতি দিন নিত্যযাত্রীদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে বলে দাবি তাঁদের।
সোমবার ‘নাগরিক প্রতিরোধ মঞ্চ’-এর ব্যানারে ফুট ওভারব্রিজের দাবিতে ‘রেল রোকো’-র ডাক দেওয়া হয়। সেই মতো ওই সংগঠনের ব্যারাকপুর শাখার তরফে স্টেশন চত্বরে সকাল ৮ থেকে জমায়েত করা হয়। ব্যারাকপুর স্টেশন চত্বরে অবরোধকারীরা একটি মিছিল করেন এবং নিজেদের বক্তব্য রাখেন। তার পরেই তাঁদের পূর্ব পরিকল্পিত ঘোষণা অনুযায়ী, ১৪ নম্বর গেটে অবরোধ শুরু করা হয়। স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল।রেল পুলিশের আধিকারিকেরা গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার আর্জি জানান। কিন্তু, অবরোধ ওঠেনি।
