
হুগলি, ১০ ডিসেম্বর : তিন দিন ধরে নিখোঁজ ছিলেন চুঁচুড়ার শ্যামবাবুর ঘাটের কাছে একটি বস্তির বাসিন্দা ভারতী ধাড়া (৬৫)। শনিবার সকালে তিনি আলমারি খুলতেই তাঁর চোখের সামনে মেঝেয় গড়িয়ে পড়ল মায়ের মৃতদেহ। অভিযোগ, ওই মহিলাকে খুন করে আলমারির মধ্যে দেহ রেখে চম্পট দিয়েছেন তাঁর স্বামী।
ভারতী এবং তাঁর স্বামী কাশীনাথ ধাড়া ওই বস্তিতে একটি বাড়িতে থাকতেন। তাঁদের ছেলেরা থাকেন আশপাশেই। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কাশীনাথ এবং ভারতীর এক ছেলে তাঁদের বাড়িতে গিয়েছিলেন। সেখানে জামাকাপড় বার করার জন্য একটি আলমারি খোলেন তিনি। আলমারি খুলতেই তিনি দেখতে পান ভিতর থেকে মায়ের হাত বেরিয়ে রয়েছে। আলমারির পাল্লা পুরোটা খুলতেই গড়িয়ে পড়ে ভারতীর দেহ।
ভারতীর মৃতদেহ উদ্ধার হলেও খোঁজ মিলছে না তাঁর স্বামী কাশীনাথের। মনে করা হচ্ছে, কাশীনাথ তাঁর স্ত্রীকে খুন করে দেহ আলমারির মধ্যে রেখে দিয়ে চম্পট দিয়েছেন। ঘটনার তদন্ত করছে পুলিশ। কাশীনাথের সন্ধান চলছে। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
