
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রোগীর পরিজনদের যাতে থাকতে কোনরকম অসুবিধা না হয় সেকারণে নিজের এমপি ল্যাড থেকে মোটা টাকা ব্যয় করে হাসপাতাল চত্বরে নাইট শেল্টার নির্মাণ করেছিলেন ঘাটালের সাংসদ দেব। কিন্তু বহুদিনের অযত্নে এখন সেখানে নোংরা ও আবর্জনাস্তূপ। ফলে রাতে সেখানে থাকার উপায় না পেয়ে খোলা আকাশের নীচে থাকতে বাধ্য হচ্ছেন রোগীর পরিজনেরা।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতাল ও হাসপাতাল চত্বরেই রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। সেই হাসপাতাল চত্বরে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের কোটা থেকে চার বছর আগে হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনদের রাতে থাকার জন্য প্রায় দু'কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে নাইট শেল্টার।
কিন্তু এই নাইট শেল্টারটির রক্ষণাবেক্ষণের অভাবে চরম অযত্নে পড়ে সেখানে এখন কেবলই আবর্জনা স্তূপ। সেখানে রাতে থাকা দুর্বিষহ হয়ে উঠছে রোগীর পরিজনদের। এই প্রসঙ্গে এক রোগীর পরিজন শেখ রাতুল্লা মল্লিক বলেন, 'নাইট শেল্টারটির এমন অবস্থা মনে হয় দেড় মাস ঝাড়ু দেয়নি। আমরা খোলা আকাশের নীচেই থাকছি।'
বিষয়টি নিয়ে অপর এক রোগীর পরিজন নাসির আলি বলেন, 'ওই নাইট শেল্টারে থাকতে পারিনি। আমরা চাই তা অবিলম্বে পরিষ্কার করা হোক এবং মানুষজন যাতে থাকতে পারে।' এই প্রসঙ্গে তরুণ দোলই বলেন, 'মশার উৎপাত। এখানে থাকা যাচ্ছে না। তাই নাইট শেল্টার থেকে বেরিয়ে বাইরেই কোনওমতে থাকছি।'
অন্যদিকে, অপর এক রোগীর পরিজন মল্লিকা ঘোড়ই বলেন, 'নাইট শেল্টার এত অপরিষ্কার যে থাকার মতো পরিবেশ নেই।' প্রায় একই সুর শোনা গেল হাসপাতালের অন্যান্য রোগীর পরিজনদের কণ্ঠেও।
