
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তালিবানি ইমেজ ভেঙে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ইসলামিক মহিলারা পথে নামছে। খুশির ঈদের সেই দৃশ্য দেখা গেল কোলকাতা সহ বাংলার বহু প্রান্তে। শনিবার ঈদের সকালে প্রান্তিক কোলকাতার মোমিনপুরের সাফিনা আহমেদ তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, এত দিন বাড়িতে নানি বা মায়ের নেতৃত্বে ইদের নমাজ পড়া হয়েছে। কিন্তু এই প্রথম খোলা মাঠে দল বেঁধে নমাজ হল। খুশির ইদে ওই মেয়েদের কোলাকুলিতেও তাই বাড়তি আবেগ। মোমিনপুরের হুসেন শাহ পার্কের মাঠের একাংশে এবং নিউ টাউন-কোলকাতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রকাণ্ড হলঘরে এ বারই প্রথম ঈদের নমাজে মেয়েরাও যোগ দিয়েছিলেন। নমাজ শেষ হতেই পরস্পরকে জড়িয়ে ধরলেন তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ার সোফিয়া কাজি, প্রৌঢ়া স্কুলশিক্ষিকা রোশেনারা এবং গৃহবধূ আঞ্জুরা দফাদার! চোখে চিকচিক করছে আনন্দাশ্রু! তাঁদের মধ্যে একমাত্র সোফিয়া কর্মসূত্রে সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়ায় মসজিদে মেয়েদের দলে নমাজ পড়েছেন। নিউ টাউনের বাসিন্দা রোশেনারা, আঞ্জুরারা তাই বলে উঠলেন, ‘‘কখনও ভাবিনি, বাড়ির বাইরে অন্য মেয়েদের সঙ্গে জামাতে (জমায়েত) নমাজ পড়ব।"
শুধু শহর কোলকাতায় নয়,গ্রাম বাংলাতেও এই দৃশ্য দেখা গেল খুশির ঈদকে কেন্দ্র করে। বীরভূমের মুরারইয়ের মতো গ্রামবাংলার কোনও কোনও অংশে যদিও ইদে মেয়েদের নমাজের জামাতে দেখা যায়। কোলকাতা ময়দানে কালীঘাট ক্লাবের কাছের মাঠে মেয়েদের নমাজ পড়ার একটি ছোট জমায়েত বসে। কিন্তু ইদানীং কলকাতার আরও অনেক মহিলাই যে বাড়ির চৌহদ্দির বাইরে নমাজ পড়তে মুখিয়ে আছেন, তা এ দিন স্পষ্ট হয়ে গেল। সোফিয়ার কথায়, ‘‘আমাদের দেশের বেশির ভাগ মসজিদেই পরিকাঠামোর অভাব। নইলে মেয়েরা আরও নানা জায়গায় এমন সুযোগ পেতেন।’’ সকলেই খুশি। আনন্দের কথা সমস্ত মুসলিম পুরুষ এই বিষয়টিকে সহজেই সমর্থন করেছে।
নিউটাউনের জমায়েতে ঘটলো আরো ঘটনা। ইমামসাহেব মাইকে নমাজ পরিচালনা শুরুর সঙ্গে সঙ্গে
'বাংলায় বলুন’ আওয়াজ উঠতে নমাজের আগের খুতবা বা উপদেশমূলক বক্তৃতার অংশ বাংলাতেই বললেন বালিগড়ির বাসিন্দা হাফেজ় (কোরান বিশারদ) কুতুবুদ্দিন মোল্লা। হুসেন শাহ পার্কে এত দিন বরাবর বাংলাতেই নমাজ পরিচালনা করেছেন ক্যানিংয়ের জীবনতলার একটি মসজিদের ইমাম ক্বারি জিয়াউর রহমান। মেয়েদের এবং ছেলেদের নমাজ পড়ার ভঙ্গির সূক্ষ্ম ফারাক, হাত জড়ো করে রাখার আলাদা ভঙ্গিগুলি ইমাম রহমান সহজ করে বোঝালেন। ইদের খুশি হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবার সঙ্গে ভাগ করে নিতে বলছিলেন তিনি। এটাই আসল ভারত। এই মৈত্রী ভারতের চিরন্তন বার্তা।
